
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা জানুয়ারী ) বালিগাঁও আমজাদ আলী কলেজ হলরুমে প্রশিক্ষণের শেষ দিনে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে এবং আড়িয়ল ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আপনারা ১০ দিনব্যাপী আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে আরও সু-শৃঙ্খল ও দক্ষ জনবল হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। আগামী নির্বাচনে আপনারা দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি আব্দুল মান্নান মৃধা বলেন “বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে ওঠা সদস্যরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
এই বিষয়ে আড়িয়ল ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেতা অনিক শেখ বলেন, “মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা রক্ষায় আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন। এই প্রশিক্ষণ শুধু নিয়মকানুন শেখার জন্য নয়, বরং সদস্যদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রি আফিয়া আক্তার, ইউনিয়ন আনসার কমান্ডার দিপ্ত দাশগুপ্ত, সহ-কমান্ডার আলমগীর হোসেন ওস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রশিক্ষণ শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।