
অনিক শেখ, টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শিকড় ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষুধ ও চশমা বিতরণ এবং শিশুদের সুন্নতে খাৎনা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সারাদিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মোঃ রফিকুল ইসলাম হিরো নোয়াবের সভাপতিত্বে ও মোঃ ফয়সাল বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
এদিন (৩০) জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয় এবং (৫০) জনের অধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ, চশমা, গেঞ্জি ও লুঙ্গি বিনামূল্যে বিতরণ করা হয়। চক্ষু রোগীদের জন্য চোখের চিকিৎসা, পরবর্তীতে বাছাইকৃত রোগিদের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থাও করা হবে।
শিকড় ফাউন্ডেশনকে আর্থিকভাবে সহযোগিতা করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি এবং হযরত মাওলানা এহতাশামুল হক ও তাঁর আত্মীয়স্বজন।
উল্লেখ্য, আড়িয়ল ইউনিয়নে প্রতিষ্ঠিত শিকড় ফাউন্ডেশনটি দীর্ঘ ১ যুগেরও অধিক টঙ্গীবাড়ী উপজেলায় মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় আর্থিক সহযোগিতা প্রদানসহ প্রতিবছর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খাৎনা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। আড়িয়ল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ এসব সেবার সুফল পাচ্ছেন।
শিকড় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক আলী রতন, সমাজসেবক মোঃ সেলিম, আঃ সাত্তার দেওয়ান, আঃ আজিজ দেওয়ান, মির্জা বাদশা শাহীন, জাহিদুল হাসান রাজিব, শাকিল হাওলাদার প্রমুখ।