
আমিরুল ইসলাম মামুন, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ
মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের আয়োজনে মটুকপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের শেষ ওভারে ৩টি বাউন্ডারির সাহায্যে নাটকীয়ভাবে মড়ল ওয়ারিয়র্স জয় তুলে নেয়।
ম্যাচটি শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হয়। ফাইনালে মুখোমুখি হয় মো. শরীফ বেপারীর পান্না পোল্ট্রি দল ও সজীব রায়হানের নেতৃত্বাধীন মড়ল ওয়ারিয়র্স। শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই, যা শেষ ওভারে পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখে।
দর্শকসমাগম ও উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত মড়ল ওয়ারিয়র্স প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সভাপতি মো. শরীফফুজ্জোহা পাঠান রিপন এবং সাধারণ সম্পাদক মো. সুমন বেপারী।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য মো. ভুলু পাঠানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াচর্চা ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।