
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বন্ধুর
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিপাহীপাড়া-দিঘীপাড় সড়কের দরজারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সানিয়াত (৩২) ও সাকিব (৩০)। গুরুতর আহত অবস্থায় তুজ্জ (৩০) নামের অপরজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।