
নিজস্ব প্রতিনিধি – মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোর গ্যাং লিডারের বাড়ি হতে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উপজেলার চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এ সমস্ত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের তালিকাভুক্ত ‘নৌ ডাকাত’ নয়নের ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাং লিডার নিরবের বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প আজ (৭ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর পর্যন্ত গুয়াগাছিয়া এলাকায় এই তল্লাশি অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নিরবের বাসা থেকে ১টি শুটার গান, ২ রাউন্ড অ্যামোনিশন (গুলি), অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে সন্দেহভাজন নিরবকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব ওই এলাকার কুখ্যাত ‘নয়ন ও পিয়াস’ ডাকাত দলের অন্যতম শীর্ষ নেতা নয়নের ছেলে।
সে এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। তার বাবা ও সহযোগীদের অনুপস্থিতিতে নিরব এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের মাধ্যমে ত্রাস সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার এক বিবৃতিতে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।