
ধানের শীষে ভোট দিতে ঢাকা থেকে সাইকেলে গ্রামে ফিরলেন আব্বাস
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা গ্রামের আব্বাস। ধানের শীষ প্রতীকে ভোট দিতে তিনি রাজধানী ঢাকা থেকে সাইকেলে চড়ে নিজ গ্রামের ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন।
আব্বাস ঢাকার সিদ্দিক বাজার এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রওনা হলে সাইকেলযোগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আব্বাস নিজ উপজেলার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তার পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অনেক ভোটার আব্বাসের এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
আব্বাস বলেন, “ আমি ছোট বেলা থেকেই বিএনপি কে ভালোবাসি, বিএনপির মিছিল মিটিংয়ে যেতাম। গাড়ি না থাকায় একবার ভাবছিলাম ভোট দিবোনা কিন্তু পরে আবার সিদ্ধান্ত নেই সাইকেল দিয়েই বাড়িতে গিয়ে ভোট দিবো। ধানের শীষে ভোট দেওয়ার জন্যই ঢাকা থেকে সাইকেল নিয়ে রওনা হয়েছি।”
স্থানীয়দের মতে, আব্বাসের এই উদ্যোগ তরুণ ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে অনুপ্রেরণা জোগাবে।
কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জামাল বলেন, আব্বাস আমাদের এলাকার ছেলে সে খুবই সহজ সরল। বিএনপির প্রতি তার এই ভালোবাসা এটি আমাদের মাঝে স্মৃতি হয়ে থাকবে। কামারখাড়া ইউনিয়ন বিএনপি সব সময় আব্বাস এর পাশে থাকবে।