পাবলিক বিশ্ববিদ্যালয়পড়ুয়া হরগঙ্গা কলেজ শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব
সরকারি হরগঙ্গা কলেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গভ. হরগঙ্গা কলেজ (PUSAGHC)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারজিয়া সুলতানা জান্নাত।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনাইয়েদ ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মাহমুদুল হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রিছাল (খুলনা বিশ্ববিদ্যালয়) প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২০২২–২৩ শিক্ষাবর্ষের মারজিয়া সুলতানা জান্নাত (ঢাকা বিশ্ববিদ্যালয়), অলক মন্ডল (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), রোবাইদ আল ফাইদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) এবং আরাফাত আহম্মেদ তন্ময় (ঢাকা বিশ্ববিদ্যালয়) অংশ নেন।
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মাহমুদুল হাসান মোট ভোটের ৬৭.৫ শতাংশ পেয়ে সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মারজিয়া সুলতানা জান্নাত ৫৭.৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মারজিয়া সুলতানা জান্নাত একই বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের শিক্ষার্থী।
১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারি হরগঙ্গা কলেজের মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রবিন খান, সৌরভ দাস ও অন্তর হোসেন মোল্লা, সদ্য সাবেক সভাপতি সুরাইয়া ইমরোজ এশা, সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডলসহ বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সরকারি হরগঙ্গা কলেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি হরগঙ্গা কলেজে অধ্যয়নরত উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের সার্বিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।