টঙ্গীবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ শাখার নেতাকর্মীবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী মো.মাজেদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় মাজেদুল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা আজ আমাদের জাতীয় গৌরব। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, যা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।