
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামে নবনির্মিত সামাজিক কবরস্থান (উত্তর-ফুলদী পূর্বপাড়া কবরস্থান) ওয়াকফকৃত সম্পত্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠিত এই কবরস্থানটি স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জমির দাতার মহান উদ্যোগ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কবরস্থানটির কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি একটি স্থায়ী সামাজিক সম্পদ হিসেবে পরিচালিত হবে এবং ইসলামী বিধান অনুযায়ী যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, একটি সামাজিক কবরস্থান কেবল দাফনের স্থান নয়, বরং এটি পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক। তারা জমির দাতাসহ এ মহতী উদ্যোগে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীর জন্য মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করেছেন।
কবরস্থানের উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, গেট স্থাপন, পানি ও আলোকসজ্জাসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে উত্তর-ফুলদী পূর্বপাড়া কবরস্থান একটি সুশৃঙ্খল ও আদর্শ সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হবে।