মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে ছররা গুলির ঘটনায় নারী-শিশুসহ ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গতকাল রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুদ্রপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রতিবেশী মিজান খান ও মান্নান খানের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে হারুন খানের বাড়ির সামনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন রাস্তায় জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে তিন রাউন্ড এলোপাতাড়ি ছররা গুলি ছোড়েন।
এতে নারী-শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠায়।ঘটনার পরপরই শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার পুলিশ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খানকে (২৯) গ্রেপ্তার করে।পলিশ জানায়, গ্রেপ্তারকৃত হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ ও ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মান্নান খানের বাড়ি থেকে একটি ওয়াকিটকি (চার্জারসহ) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।