
গজারিয়া সংবাদদাতা: দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে গজারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফজলুল করিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। সরকারি প্রস্তুতির পাশাপাশি জনগণের সচেতনতা এবং তরুণ সমাজের অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন,
“দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত মহড়া এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এবং গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।