নিজেস্ব প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অর্ধশতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পুরা মানবসেবা ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার যশলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।
বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি পোলাও চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম ডানো দুধ, ৪ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডুলস ও বিভিন্ন ধরনের মসলা সামগ্রী।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী মো. শফিকুল ইসলাম বলেন, “ঈদের আগে এই সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের পরিবারের ঈদের প্রস্তুতি কিছুটা সহজ হলো।”
পুরা মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিমেল খান বলেন, ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সম্রাট হালদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দীপু দেওয়ান, প্রচার সম্পাদক রিফাত হোসেন, সদস্য রায়হান শেখ ও হাফেজ মাহাদি প্রমুখ।
সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছর ঈদের আগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।